চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ক্যাম্পাসে আবারও শোকের ছায়া নেমে এসেছে। বিশ্ববিদ্যালয়ের একটি পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মেধাবী শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে কাজী নজরুল ইসলাম হল ও শহীদ মোহাম্মদ শাহ হলের মধ্যবর্তী পুকুরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী অর্ণব চন্দ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শান্ত দেব। তারা উভয়েই ২০২৪ ব্যাচের শিক্ষার্থী এবং তাদের বাড়ি সিলেটে। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের মতে, দুপুরে তারা পুকুরে সাঁতার প্রতিযোগিতায় মেতে উঠেছিলেন। মাঝপথে ক্লান্ত হয়ে তারা একে অপরকে আঁকড়ে ধরলে দুজনেই পানিতে তলিয়ে যান।
দুর্ঘটনার পর অর্ণবকে দ্রুত উদ্ধার করা সম্ভব হলেও শান্তকে উদ্ধারে ফায়ার সার্ভিসের সহায়তা নিতে হয়। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। উল্লেখ্য, এর আগেও গত জুলাই মাসে একই পুকুরে ডুবে আরেক শিক্ষার্থীর মৃত্যু হয়েছিল। পুকুরে সংস্কার কাজের সরঞ্জাম পড়ে থাকা এবং উদ্ধার তৎপরতায় বিলম্বের বিষয়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।
রিপোর্টারের নাম 





















