প্রাপ্তবয়স্ক সন্তানদের তাদের জীবনসঙ্গী বেছে নেওয়ার অধিকার রয়েছে এবং তারা বাবা-মায়ের সম্পত্তি নয়—এমন যুগান্তকারী রায় দিয়েছে ভারতের বোম্বে হাইকোর্ট। সম্প্রতি এক মায়ের করা রিট আবেদন খারিজ করে আদালত এই ঐতিহাসিক সিদ্ধান্ত জানায়।
ঘটনাটির সূত্রপাত নাগপুরে, যেখানে এক তরুণী ১৭ বছর বয়সে টিউশনে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে এক যুবকের সঙ্গে চলে যায়। পুলিশ তাকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দিলেও, সে পুনরায় ওই যুবকের কাছে ফিরে যায়। এরপর মেয়েকে নিজের হেফাজতে ফেরত চেয়ে মা হাইকোর্টে রিট আবেদন করেন।
আদালতে সরাসরি হাজির হয়ে তরুণী জানান, তিনি স্বেচ্ছায় ওই যুবকের সঙ্গে থাকতে চান। যেহেতু তিনি বর্তমানে প্রাপ্তবয়স্ক, তাই নিজের জীবনসঙ্গী বেছে নেওয়ার অধিকার তার রয়েছে বলে আদালত জানায়। আদালত আরো উল্লেখ করে যে, হেবিয়াস কর্পাস আবেদনে সফল হতে হলে বেআইনি আটকের প্রমাণ থাকতে হয়, যা এ ক্ষেত্রে প্রমাণিত হয়নি।
হেবিয়াস কর্পাস হলো একটি আইনি প্রক্রিয়া, যার মাধ্যমে কোনো ব্যক্তিকে বেআইনিভাবে আটকে রাখা হয়েছে কিনা, তা নির্ধারণ করতে তাকে সশরীরে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়। আদালত শিশুর হেফাজতের ক্ষেত্রেও বাবা-মায়ের অধিকারের চেয়ে সন্তানের কল্যাণকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার সুপ্রিম কোর্টের অবস্থানের কথা স্মরণ করিয়ে দেয়। এই রায় প্রাপ্তবয়স্ক সন্তানদের ব্যক্তি স্বাধীনতা এবং তাদের নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের অধিকারের প্রতি এক গুরুত্বপূর্ণ স্বীকৃতি বহন করে।
রিপোর্টারের নাম 























