বিগত আওয়ামী লীগ সরকারের পতনের দিন অর্থাৎ ২০২৪ সালের ৫ আগস্ট সাতক্ষীরা জেলা কারাগার ভেঙে পালিয়ে যাওয়া দুই সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পৃথক দুটি ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের পুনরায় আইনের আওতায় আনা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি গ্রামের মোজাম গাজী এবং নওয়াবেঁকী গ্রামের রফিকুল ইসলাম গাজী। পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ঈশ্বরীপুর ইউনিয়ন থেকে মোজামকে এবং রাত সাড়ে ১০টার দিকে আটুলিয়া ইউনিয়ন থেকে রফিকুলকে গ্রেপ্তার করা হয়।
কারা রেকর্ড অনুযায়ী, গ্রেপ্তারকৃত মোজাম গাজী একটি চেক জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত ছিলেন। অন্যদিকে রফিকুল ইসলাম অপর একটি চেক ডিজঅনার মামলায় ১০ মাসের কারাদণ্ড ও ৯ লাখ ৮০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হয়েছিলেন। ২০২৪ সালের সেই অস্থিতিশীল পরিস্থিতিতে কারাগার থেকে মোট ৮৭ জন বন্দি পালিয়ে গিয়েছিলেন, যাদের মধ্যে এই দুজনও ছিলেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বুধবার যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হবে। পালিয়ে যাওয়া বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
রিপোর্টারের নাম 























