নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের অভিযোগ তদন্ত করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। মঙ্গলবার বিকেলে বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মওদুদ স্কুল এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মঞ্জুর আহামেদসহ অন্তত পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মাদরাসার জমি নিয়ে বিরোধ ও চাঁদা দাবির অভিযোগ তদন্তে যায় পুলিশের একটি দল। তদন্ত শেষে ফেরার সময় অভিযুক্তরা মাদরাসায় ঢুকে সিসিটিভি ক্যামেরা ভাঙচুর শুরু করলে পুলিশ বাধা দিতে যায়। এসময় লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালানো হয়। আহতদের মধ্যে এসআই আরিফ মহিউদ্দিন, কনস্টেবল সাহাদাত হোসেন, আবু ইউসুফ এবং চালক ইছাক শেখও রয়েছেন।
এ ঘটনায় জড়িত সন্দেহে তাৎক্ষণিকভাবে সাতজনকে আটক করেছে পুলিশ। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম জানান, সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এলাকায় বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রিপোর্টারের নাম 























