জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে সরাসরি যোগাযোগ আরও জোরদার করতে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ। ‘মন্ত্রীর সাথে চা, ঠিকানা আপনার বাসা’ শীর্ষক এই কর্মসূচির মাধ্যমে তিনি সরাসরি সাধারণ মানুষের ড্রয়িংরুমে গিয়ে তাদের সমস্যার কথা শুনবেন এবং প্রত্যাশা ও সম্ভাবনার বিষয়ে মতবিনিময় করবেন।
আগামীকাল বুধবার থেকে ঢাকা-১৩ আসনের বিভিন্ন এলাকায় এই কর্মসূচি শুরু হতে যাচ্ছে। এলাকার বাসিন্দারা অনলাইনের মাধ্যমে প্রতিমন্ত্রীকে তাদের বাসায় চায়ের আড্ডার জন্য আমন্ত্রণ জানাতে পারছেন। এই ঘরোয়া আড্ডায় এলাকার শিক্ষা, নিরাপত্তা, গ্যাস-পানি-বিদ্যুৎ সমস্যাসহ বিভিন্ন নাগরিক সুবিধা নিয়ে খোলামেলা আলোচনার সুযোগ থাকবে। প্রথাগত রাজনৈতিক সভার বাইরে গিয়ে মানুষের দৈনন্দিন জীবনের বাস্তব অভিজ্ঞতা জানতে এই উদ্যোগ সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, জনপ্রতিনিধিত্বের দায়িত্ব কেবল সংসদ কিংবা দপ্তরে সীমাবদ্ধ নয়। মানুষের জীবনযাত্রার মান বুঝতে হলে তাদের কাছে যেতে হবে। এক কাপ চায়ের আড্ডায় অনেক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে যা দাপ্তরিক বৈঠকে বলা সম্ভব হয় না। ঢাকা-১৩ আসনকে একটি আধুনিক ও জনবান্ধব এলাকা হিসেবে গড়ে তুলতে জনগণের সরাসরি অংশগ্রহণ ও পরামর্শ আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রিপোর্টারের নাম 






















