এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা পুনরায় ব্যবস্থাপনা কমিটির হাতে ফিরিয়ে দেওয়ার সরকারি সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি। তিনি এই সিদ্ধান্তকে ২০২৪ সালের জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও চেতনার পরিপন্থী বলে অভিহিত করেছেন।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে শিক্ষক ফেডারেশনের এক বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধ্যাপক মুজিবুর রহমান বলেন, নির্বাচিত প্রতিনিধি হিসেবে বর্তমান সরকারের উচিত ছিল জনগণের আকাঙ্ক্ষা পূরণ করা। কিন্তু গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার যেমন ভুল পথে হাঁটছে, তেমনি শিক্ষক নিয়োগের ক্ষমতা কুক্ষিগত করার মাধ্যমে শিক্ষাঙ্গনে আবারো দলীয়করণের পথ প্রশস্ত করা হচ্ছে।
তিনি আরও অভিযোগ করেন, বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে দলীয় বিবেচনায় ভিসি নিয়োগ এবং জেলা পরিষদগুলোতে প্রশাসক নিয়োগের মাধ্যমে জুলাই আন্দোলনের মূল লক্ষ্য থেকে বিচ্যুত হচ্ছে। শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটির ক্ষমতা ফিরিয়ে দেওয়া হলে অতীতে টাকার বিনিময়ে অযোগ্য লোক নিয়োগের যে সংস্কৃতি ছিল, তা আবারও ফিরে আসবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
বৈঠকে শিক্ষকদের মর্যাদা রক্ষা এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের বঞ্চনা দূর করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে সরকারের এই বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদে ধাপে ধাপে কঠোর আন্দোলন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।
রিপোর্টারের নাম 





















