প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের মানুষকে অর্থনৈতিক ও সামাজিকভাবে স্বাবলম্বী করে তোলাই বর্তমান নির্বাচিত সরকারের প্রধান লক্ষ্য। তিনি উল্লেখ করেন, কেবল রাজনৈতিক অধিকারই যথেষ্ট নয়, বরং সাধারণ মানুষের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা একান্ত প্রয়োজন। মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল বেসরকারি খাতে লিজ দেওয়ার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, একটি শক্তিশালী রাষ্ট্র গঠনে জনগণের সচ্ছলতা অপরিহার্য। মানুষকে অভাবগ্রস্ত রেখে বা তাদের কণ্ঠ রোধ করে কোনো জাতি মাথা তুলে দাঁড়াতে পারে না। তিনি দেশীয় উদ্যোক্তাদের বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে সব ধরনের সরকারি নীতি সহায়তার আশ্বাস দেন। তারেক রহমান বলেন, সরকার প্রকৃত উদ্যোক্তাদের পাশে থাকবে যাতে সাধারণ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয় এবং সামগ্রিক অর্থনীতির উন্নতি ঘটে।
বিনিয়োগের গুরুত্ব তুলে ধরে সরকারপ্রধান আরও বলেন, বিদেশি বিনিয়োগের পাশাপাশি দেশীয় বিনিয়োগকারীদের বিশেষ গুরুত্ব দিতে হবে। দেশের নিজস্ব উদ্যোক্তারা যাতে ব্যবসা-বাণিজ্যে উৎসাহিত হন, সে জন্য প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করা হবে। অনুষ্ঠানে বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 



















