শিক্ষক নিয়োগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কেন্দ্রীয় সুপারিশ ব্যবস্থা বহাল রাখার দাবিতে এবং ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে নিয়োগের প্রস্তাবের প্রতিবাদে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। সোমবার রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি থেকে শুরু হওয়া মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও শিক্ষক নিবন্ধনধারী চাকরিপ্রত্যাশীরা অংশ নেন।
বিক্ষোভকারীরা ‘বাণিজ্য না মেধা, মেধা-মেধা’, ‘মেধার মূল্যায়ন চাই’, ‘এনটিআরসিএ বহাল রাখতে হবে’, ‘শিক্ষক নিয়োগে স্বজনপ্রীতি চলবে না’ এবং ‘কমিটি পদ্ধতি মানি না, মানব না’সহ বিভিন্ন স্লোগান দেন। তারা বলেন, এনটিআরসিএর মাধ্যমে পরীক্ষা ও মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগের সুপারিশ করা হচ্ছে। এই পদ্ধতির পরিবর্তে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির হাতে নিয়োগের ক্ষমতা ফিরিয়ে দেওয়া হলে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহি ক্ষতিগ্রস্ত হতে পারে এবং অনিয়ম, তদবির ও পক্ষপাতিত্বের সুযোগ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
তারা আরও বলেন, দেশের লাখো নিবন্ধনধারী চাকরিপ্রত্যাশী শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন। মেধাভিত্তিক নিয়োগের ওপর আস্থা রেখে তারা শিক্ষকতা পেশায় যুক্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তাই বিদ্যমান নিয়োগ কাঠামোয় কোনো পরিবর্তন আনার আগে সংশ্লিষ্টদের মতামত নেওয়া প্রয়োজন।
সমাবেশ থেকে এনটিআরসিএর কেন্দ্রীয় সুপারিশ ব্যবস্থা বহাল রাখা, মেধাভিত্তিক শিক্ষক নিয়োগ নিশ্চিত করা এবং নিয়োগ কাঠামো পরিবর্তনের আগে নিবন্ধনধারী চাকরিপ্রত্যাশীদের মতামত নেওয়ার দাবি জানানো হয়। দাবি আদায় না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা।
রিপোর্টারের নাম 

























