বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে বিদ্যমান নিয়োগপ্রক্রিয়া বহাল রাখার দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
‘শিক্ষার স্বার্থে ঐক্যবদ্ধ হই, অন্যায় সিদ্ধান্ত রুখে দিই’—এই স্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘শিক্ষক নিয়োগে দুর্নীতি চলবে না, চলবে না’, ‘কমিটির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘যোগ্যতার ভিত্তিতে চাকরি দে, নইলে গদি ছেড়ে দে’, ‘যোগ্যতা নিয়ে গড়িমসি চলবে না’, ‘মেধা নিয়ে গড়িমসি চলবে না’, ‘চাকরি আমার অধিকার, নিয়োগ হবে স্বচ্ছতার’ এবং ‘কোটা গেছে যে পথে, কমিটি যাবে সেই পথে’—সহ বিভিন্ন ব্যানার ও স্লোগান প্রদর্শন করেন।
বিক্ষোভ মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান, লোকপ্রশাসন বিভাগের সিদ্দিকুর রহমান, সমাজবিজ্ঞান বিভাগের আহসান হাবিব এবং ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সানোয়ার হোসেন বক্তব্য রাখেন।
সমাবেশে শিক্ষার্থীরা আশঙ্কা প্রকাশ করেন যে, ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের সুযোগ তৈরি হলে তা নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা ও মেধার মূল্যায়নকে বাধাগ্রস্ত করতে পারে। অতীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযোগ উত্থাপিত হওয়ার বিষয়টিও তারা স্মরণ করিয়ে দেন।
ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সানোয়ার হোসেন বলেন, বর্তমান পদ্ধতির মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে মেধাবীদের দূরে রাখার চেষ্টা চলছে। আমরা এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে আন্দোলন শুরু করেছি এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।
বেরোবির শিক্ষার্থী শামসুর রহমান সুমন বলেন, বিগত সময়ে আমরা দেখেছি, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের জন্য কমিটির পেছনে মানুষকে টাকা নিয়ে ঘুরতে হয়েছে। আমরা সেই পরিস্থিতি আর ফিরে আসতে দিতে চাই না। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে এনটিআরসিএর মাধ্যমে স্বচ্ছ নিয়োগপ্রক্রিয়া বহাল রাখতে হবে, অন্যথায় শিক্ষার্থীরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।
শিক্ষার্থীরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
রিপোর্টারের নাম 





















