নরসিংদীর পলাশে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ছাত্রদল নেতা ইব্রাহিম আল মাসুম (৪০) চিকিৎসাধীন অবস্থায় নয় দিন পর মারা গেছেন। সোমবার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত মাসুম ডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন।
গত ১ আগস্ট রাতে ডাঙ্গা ইউনিয়নের হাসনহাটা ফকিরবাড়ি এলাকায় আধিপত্য নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ইব্রাহিম আল মাসুম গুলিবিদ্ধ হন। একই ঘটনায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মামুন আহমেদ, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ অন্তত ১০ জন আহত হন। স্থানীয়দের মতে, চার মাস আগে মাটি ভরাটের কাজকে কেন্দ্র করে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ভিপি রোমান গ্রুপ ও ছাত্রদল নেতা মাসুম গ্রুপের মধ্যে বিরোধের সূত্রপাত, যা একটি মামলারও জন্ম দেয়।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্যমতে, ওই বিরোধের জের ধরে গত ১ আগস্ট সন্ধ্যায় ভিপি রোমান গ্রুপের পক্ষ থেকে একটি মিছিল বের করা হয়। এরপর হাসনহাটা ফকিরবাড়ি এলাকায় মাসুম, মামুন ও জয়নালসহ কয়েকজন একটি দোকানে অবস্থানকালে ভিপি রোমান গ্রুপের শফিকের ছেলে সানি, সবুজ ও জায়দুলসহ ১০-১২ জন দেশি-বিদেশি অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে মাসুম পেটে গুলিবিদ্ধ হন এবং অন্যরা আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে মাসুমকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
পলাশ থানার ওসি শাহেদ আল মামুন জানিয়েছেন, ছাত্রদল নেতা মাসুমের বোনজামাই হাসান মো. মহসিন বাদী হয়ে ৪ আগস্ট পলাশ থানায় ৩৭ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। মাসুমের মৃত্যুর পর যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।
রিপোর্টারের নাম 




















