মিশর গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদের যেকোনো ধরনের প্রচেষ্টাকে ‘রেড লাইন’ হিসেবে অভিহিত করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এমন কোনো উদ্যোগ প্রতিহত করতে মিশর তার পূর্ণ শক্তি প্রয়োগ করবে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
আবদেলাত্তি জানান, গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার পরিকল্পনা এখনো আলোচনায় রয়েছে, তবে মিশর এমন কোনো পদক্ষেপ মেনে নেবে না এবং তা বাস্তবায়ন হতেও দেবে না। তিনি আরও বলেন, গাজায় এমন পরিস্থিতি তৈরি করা হলে যেখানে মানুষের স্বাভাবিকভাবে বসবাস করা অসম্ভব হয়ে পড়ে, তখন সেখান থেকে বাসিন্দাদের চলে যাওয়াকে ‘স্বেচ্ছায় স্থানান্তর’ বলা যায় না। এভাবে মানুষকে এলাকা ছাড়তে বাধ্য করা হলে তা মূলত জবরদস্তি এবং আন্তর্জাতিক আইন ও দখলদারিত্বের অধীনে থাকা জনগণের অধিকারের লঙ্ঘন। মিশর ফিলিস্তিনিদের নিজেদের ভূমিতে থাকার অধিকার নিশ্চিত করার ব্যাপারে তার অবস্থান পুনর্ব্যক্ত করেছে।
এছাড়াও, মিশরের পররাষ্ট্রমন্ত্রী অধিকৃত পশ্চিম তীরের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি ফিলিস্তিনিদের বিরুদ্ধে ক্রমবর্ধমান লঙ্ঘনের ঘটনাকে ‘নীরব সংযুক্তিকরণ’ ও ‘কার্যত সংযুক্তিকরণ’ হিসেবে বর্ণনা করেন। তার মতে, পশ্চিম তীরে এ ধরনের পদক্ষেপ একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করছে এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পথ আরও কঠিন করে তুলছে। আবদেলাত্তি জোর দিয়ে বলেন যে, যত শক্তিই প্রয়োগ করা হোক না কেন, ফিলিস্তিনিদের অধিকার স্বীকৃতি না দিলে ইসরাইল বা পুরো অঞ্চলের জন্য দীর্ঘমেয়াদি ও টেকসই নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।
রিপোর্টারের নাম 





















