ফুটবল বিশ্বকাপের জাঁকজমকপূর্ণ আসরের আড়ালে ছিল বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি। সম্প্রতি এফবিআই ও আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা কেন্দ্রের (আইপিসিসি) ফাঁস হওয়া গোপন নথি থেকে জানা গেছে, টুর্নামেন্ট চলাকালীন লিওনেল মেসিসহ বেশ কয়েকজন তারকা ফুটবলার, কোচ ও রেফারিকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। স্পেনভিত্তিক সংবাদমাধ্যম প্রেনসা ইবেরিকার এক অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
নথি অনুযায়ী, সবচেয়ে বড় হুমকির মুখে ছিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। একটি নির্দিষ্ট ম্যাচের দিন টেক্সাসের ডালাস বিমানবন্দরে পুলিশকে ফোন করে এক ব্যক্তি দাবি করেন, তিনি তার সহযোগীদের নিয়ে হাতে তৈরি বোমা ও শক্তিশালী রাইফেলসহ স্টেডিয়ামের দিকে যাচ্ছেন। তাদের মূল লক্ষ্য ছিল পুলিশ ও দুই দলের খেলোয়াড়দের ওপর হামলা চালানো, যার অন্যতম প্রধান লক্ষ্যবস্তু ছিলেন মেসি।
নিরাপত্তা ঝুঁকির তালিকায় ছিলেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোও। তাকে অনুসরণ করার অভিযোগে হিউস্টনে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল। এছাড়া কিলিয়ান এমবাপ্পে এবং ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েও অসংখ্য হুমকিমূলক বার্তা পেয়েছিলেন। এই চাঞ্চল্যকর তথ্যগুলো ফুটবল বিশ্বের নিরাপত্তার বিষয়টি নতুন করে সামনে নিয়ে এসেছে।
রিপোর্টারের নাম 






















