বাগেরহাটে সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাগেরহাট কামিল (আলিয়া) মাদরাসা প্রাঙ্গণে ‘ইনসাফ, বাগেরহাট’-এর উদ্যোগে এই মানবিক কর্মসূচি পালিত হয়। ক্যাম্পে আগত কয়েক শত রোগীকে বিনামূল্যে বিশেষজ্ঞ পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক এক ছাত্রনেতার উদ্যোগে এবং স্থানীয় সমাজসেবকদের সহযোগিতায় এই ক্যাম্পটি পরিচালিত হয়। সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলা এই ক্যাম্পে নাক, কান ও গলা, মেডিসিন, অর্থোপেডিক এবং গাইনি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন।
আয়োজকরা জানান, যারা অর্থাভাবে উন্নত চিকিৎসা নিতে পারেন না, তাদের পাশে দাঁড়ানোই এই কর্মসূচির মূল লক্ষ্য। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের পাশাপাশি এদিন রোগীদের ডায়াবেটিস ও রক্ত পরীক্ষাও বিনামূল্যে করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের জনহিতকর কার্যক্রম জেলার অন্যান্য স্থানেও ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে আয়োজক কমিটি জানিয়েছে।
রিপোর্টারের নাম 

























