ব্যস্ত জীবনযাপন, কাজের চাপ এবং অনিয়মিত ঘুমের কারণে মাথা ব্যথা এখন অনেকের কাছেই নিত্যনৈমিত্তিক সমস্যা। এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে অধিকাংশ মানুষই এক কাপ গরম চা বা কফির ওপর ভরসা করেন। অনেকের ধারণা, ক্যাফেইন নিলেই দ্রুত আরাম পাওয়া যাবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, মাথা ব্যথা কমাতে ক্যাফেইনের ভূমিকা থাকলেও এর মাত্রাতিরিক্ত ব্যবহার হিতে বিপরীত হতে পারে।
চা ও কফিতে থাকা ক্যাফেইন মূলত মস্তিষ্কের রক্তনালির সংকোচন-প্রসারণে প্রভাব ফেলে। মাইগ্রেন বা সাধারণ দুশ্চিন্তাজনিত মাথা ব্যথার ক্ষেত্রে সীমিত পরিমাণ ক্যাফেইন সাময়িক স্বস্তি দিতে পারে। একারণেই অনেক ব্যথানাশক ওষুধে নির্দিষ্ট মাত্রায় ক্যাফেইন ব্যবহার করা হয়। তবে সবার শরীরে এর প্রভাব এক রকম হয় না।
অতিরিক্ত চা বা কফি পানের অভ্যাস শরীরকে ক্যাফেইনের ওপর নির্ভরশীল করে তোলে। ফলে নিয়মিত সময়ে ক্যাফেইন না পেলে ‘উইথড্রয়াল হেডেক’ বা নতুন করে মাথা ব্যথা শুরু হতে পারে। এছাড়া পানিশূন্যতা, উচ্চ রক্তচাপ বা সাইনাসের সমস্যার কারণে মাথা ব্যথা হলে কেবল কফি পানে সমাধান মিলবে না। তাই মাথা ব্যথার প্রকৃত কারণ বুঝে এবং ক্যাফেইন গ্রহণের পরিমাণ নিয়ন্ত্রণে রেখে সুস্থ থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
রিপোর্টারের নাম 

























