বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানি দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ম্যাক্স গ্রুপের বিভিন্ন শিল্পকারখানা পরিদর্শন করেছেন। এ সময় তিনি দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও শিল্প সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
শনিবার দুপুরে রাষ্ট্রদূত ম্যাক্স গ্রুপের আফা স্প্রিং কারখানা পরিদর্শনের মাধ্যমে তার সফর শুরু করেন। সেখানে তিনি যানবাহনের স্প্রিং উৎপাদন প্রক্রিয়া ও অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার দেখে সন্তোষ প্রকাশ করেন। পরবর্তীতে তিনি গ্রুপের এসএস পাইপ, ক্রোকারিজ এবং পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী উৎপাদন ইউনিটগুলো ঘুরে দেখেন।
পরিদর্শন শেষে রাষ্ট্রদূত সাংবাদিকদের জানান, বাংলাদেশের শিল্প সক্ষমতা এবং ম্যাক্স গ্রুপের পণ্যের মান আন্তর্জাতিক পর্যায়ের। আলজেরিয়া ইস্পাত, প্রাকৃতিক গ্যাস ও জ্বালানি তেলের মতো শিল্প কাঁচামালে সমৃদ্ধ। বাংলাদেশের শিল্পপ্রতিষ্ঠানগুলো এসব কাঁচামাল প্রতিযোগিতামূলক মূল্যে আমদানি করতে পারে। পাশাপাশি বাংলাদেশের উচ্চমানের পণ্য আলজেরিয়ার বাজারে রপ্তানির ব্যাপক সম্ভাবনা রয়েছে।
রাষ্ট্রদূত সাইদানি ম্যাক্স গ্রুপের চেয়ারম্যানকে আলজেরিয়া সফরের আমন্ত্রণ জানান এবং সেখানে কারখানা স্থাপনের প্রস্তাব দেন। তিনি আশ্বস্ত করেন যে, আলজেরিয়া সরকার বাংলাদেশি বিনিয়োগকারীদের জন্য ভূমি, বিদ্যুৎ ও পানিসহ প্রয়োজনীয় সব অবকাঠামো এবং কর সুবিধা প্রদান করবে। ইতোমধ্যে দুই দেশের মধ্যে বাণিজ্য সংক্রান্ত ২২টি খসড়া চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও তিনি জানান।
রিপোর্টারের নাম 

























