প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান অভিযোগ করেছেন যে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনার সাথে প্রথম বেইমানি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার ঝিনাইদহের মুরারীদহ এলাকায় এক ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
রাশেদ খান বলেন, ডা. শফিকুর রহমান নিজেকে মজলুম নেতা হিসেবে দাবি করলেও গণঅভ্যুত্থানের পর তার প্রকৃত রূপ উন্মোচিত হয়েছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করার মাধ্যমে তিনি শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। তিনি আরও বলেন, ক্ষমতায় যাওয়ার লালসায় জামায়াত অপকৌশল ও মিথ্যাচারের আশ্রয় নিচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।
তিনি আরও উল্লেখ করেন যে, বাংলাদেশের যা কিছু ইতিবাচক অর্জন, তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে এসেছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বেই আগামীর আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের ভূমিকা নিয়ে রাশেদ খান বলেন, আন্দোলনের সময় নাহিদ সঠিক পথে থাকলেও পরবর্তীতে জামায়াতের রাজনৈতিক ফাঁদে পা দিয়ে তিনি পথভ্রষ্ট হয়েছেন। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 




















