সুনামগঞ্জের দিরাই উপজেলায় স্থানীয় বিএনপির অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে প্রশাসন কর্তৃক জারিকৃত ১৪৪ ধারা উপেক্ষা করে মিছিল ও সমাবেশ করেছে দুই পক্ষ। শনিবার দিনভর পৌর শহরের বিভিন্ন এলাকায় সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর সমর্থক এবং বিরোধী পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হলেও উভয় পক্ষের নেতাকর্মীরা রাজপথে শোডাউন করেন।
দলীয় সূত্রে জানা গেছে, গত ৬ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর আয়োজিত সমাবেশের প্রতিবাদে শনিবার পাল্টা কর্মসূচির ডাক দেয় জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দিন চৌধুরী (মাসুক চৌধুরী) সমর্থিত অংশ। এই পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সংঘাতের আশঙ্কায় উপজেলা প্রশাসন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পৌর এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করে।
তবে প্রশাসনিক নিষেধাজ্ঞা অমান্য করেই উভয় পক্ষের নেতাকর্মীরা মিছিল বের করেন। পরে দুপুরে বাগানবাড়ি কমিউনিটি সেন্টারে মঈন উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। দিরাই থানার ওসি আমিনুল ইসলাম জানান, শহরের শান্তিশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল। বর্তমান নির্বাচিত সরকারের আমলে রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় স্থানীয় নেতাকর্মীদের সংযত থাকার আহ্বান জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 
























