মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাসের রহমানকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে অশ্লীল ভিডিও তৈরির অভিযোগে পারভেজ আলম খান (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত পারভেজ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের বাসিন্দা হলেও বর্তমানে সাভারের মধ্য রাজাশন এলাকায় আত্মগোপনে ছিলেন।
পুলিশ জানায়, সংসদ সদস্যের সম্মানহানি এবং সামাজিক অস্থিরতা তৈরির উদ্দেশ্যে এআই প্রযুক্তি ব্যবহার করে এই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ দল তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে। এরপর ৮ আগস্ট ২০২৬ ভোররাতে সাভার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, গ্রেপ্তারকৃত আসামিকে ইতিমধ্যে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে একই মামলায় সৈয়দ তানভীর নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল। এই সাইবার অপরাধের সঙ্গে জড়িত অন্য চক্রটিকে শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি ও তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রিপোর্টারের নাম 























