যশোরের অভয়নগর উপজেলার আমডাঙা খালের জলাবদ্ধতা দূর করতে স্থানীয় বাসিন্দারা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কচুরিপানা অপসারণের উদ্যোগ নিয়েছেন। শনিবার দুপুরে এই জনহিতকর কার্যক্রম পরিদর্শনে যান অভয়নগর থানা বিএনপির সভাপতি ফরাজি মতিয়ার রহমান।
পরিদর্শনকালে বিএনপি নেতা মতিয়ার রহমান বলেন, ভবদহ এলাকার দীর্ঘদিনের অভিশাপ জলাবদ্ধতা নিরসনে আমডাঙা খালসহ সংশ্লিষ্ট সকল সংযোগ খাল সচল রাখা জরুরি। নির্বাচিত সরকারের প্রতিনিধি হিসেবে আমরা এই সমস্যার স্থায়ী সমাধানে কাজ করছি এবং দ্রুত খাল সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
এ সময় খালের পাড়ে অবৈধভাবে গড়ে ওঠা বালুর ড্যাম্প নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। তিনি অভিযোগ করেন, বালুমিশ্রিত পানি সরাসরি খালে ফেলার কারণে খালের তলদেশ ভরাট হয়ে যাচ্ছে, যা পানি নিষ্কাশনে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। পরিবেশ ও খালের স্বাভাবিক প্রবাহ রক্ষায় এসব অবৈধ কার্যক্রম বন্ধে কঠোর হুঁশিয়ারি দেন তিনি।
স্বেচ্ছাশ্রমের এই কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের পাশাপাশি উপস্থিত ছিলেন সুন্দরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিকাশ মল্লিক, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতা শিবপদ বিশ্বাস এবং নওয়াপাড়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ। স্থানীয়রা আশা করছেন, নিয়মিত সংস্কারের মাধ্যমে এই এলাকার কৃষি ও জনজীবন জলাবদ্ধতার হাত থেকে মুক্তি পাবে।
রিপোর্টারের নাম 





















