ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দুর্দান্ত ফর্ম এবার জাতীয় দলের জার্সিতেও ধরে রাখলেন রশিদ খান। এই লেগ স্পিনারের বিধ্বংসী বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি আয়ারল্যান্ডের ব্যাটাররা। রশিদের রেকর্ডগড়া স্পেলে মাত্র ২০৭ রানে গুটিয়ে গেছে আইরিশদের ইনিংস। ফলে দ্বিতীয় ওয়ানডেতে ৯২ রানের বড় জয় নিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল আফগানিস্তান।
ব্রেডি ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টির বাধায় ম্যাচটি ৪৭ ওভারে নামিয়ে আনা হয়। টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে ইব্রাহিম জাদরানের ৮৪ এবং সেদিকউল্লাহ অতলের ৪৫ রানের ওপর ভর করে ৮ উইকেটে ২৯৯ রানের বড় সংগ্রহ দাঁড় করায় আফগানরা। আয়ারল্যান্ডের পক্ষে মার্ক অ্যাডায়ার ও জয় মুন্দ্রা দুটি করে উইকেট শিকার করেন।
৩০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আয়ারল্যান্ড শুরুটা বেশ আশাব্যঞ্জক করেছিল। এক পর্যায়ে ১ উইকেটে ৯৬ রান তুলে জয়ের সম্ভাবনা জাগালেও রশিদ খান দৃশ্যপটে আসতেই ম্যাচ পাল্টে যায়। তার জাদুকরী বোলিংয়ে মাত্র ১১১ রানের ব্যবধানে শেষ ৯টি উইকেট হারায় স্বাগতিকরা। আয়ারল্যান্ডের পক্ষে কেড কারমাইকেল সর্বোচ্চ ৬২ রান করেন।
রশিদ খান এদিন ৭.৪ ওভারে মাত্র ৩৪ রান দিয়ে তুলে নেন ৬টি উইকেট। এটি ওয়ানডে ক্রিকেটে তার সপ্তম ‘ফাইভ উইকেট হল’ এবং তৃতীয়বারের মতো এক ইনিংসে ৬ উইকেট নেওয়ার কীর্তি। বর্তমান সময়ের স্পিনারদের মধ্যে ওয়ানডেতে তার চেয়ে বেশিবার ৫ উইকেট নেওয়ার রেকর্ড আর কারও নেই। দুর্দান্ত এই পারফরম্যান্সের সুবাদে ম্যাচসেরার পুরস্কারও জেতেন তিনি।
রিপোর্টারের নাম 
























