বান্দরবানের রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় জরুরি চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০টি অক্সিজেন সিলিন্ডারসহ প্রয়োজনীয় অন্যান্য চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়েছে, যা সেখানকার রোগীদের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সহায়ক হবে।
বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের সময় বান্দরবান জেলা প্রশাসনের সহকারী কমিশনার (শিক্ষানবিশ) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতন্য রাজবংশী এবং উপজেলা নির্বাহী অফিসার লিজা আক্তার বিথী উপস্থিত ছিলেন। তারা হাসপাতালের সার্বিক চিকিৎসাব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং আক্রান্ত রোগীদের স্বাস্থ্যের বিষয়ে খোঁজখবর নেন।
প্রান্তিক ও দুর্গম এলাকা থেকে আসা শিশুদের সুচিকিৎসা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ পর্যন্ত ২০ জন জটিল রোগীকে প্রশাসনের বিশেষ অ্যাম্বুলেন্স সেবার মাধ্যমে বান্দরবান সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিরাপদে স্থানান্তর করা হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, রুমা উপজেলার প্রতিটি দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পর্যবেক্ষণ কার্যক্রম জোরদার করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ এবং অ্যাম্বুলেন্স সেবা সার্বক্ষণিক সচল রাখা হয়েছে, যাতে কেউ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন।
রিপোর্টারের নাম 




















