পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিশাল এক ইলিশের ঝাঁক। দীর্ঘ খরা কাটিয়ে এফবি জুনাইদ নামের একটি ট্রলারে এক টানেই উঠে এসেছে ৪৬ মণ ইলিশ। শুক্রবার দুপুরে মহিপুর মৎস্য বন্দরে এই বিশাল চালানটি পৌঁছালে তা নিয়ে মৎস্যজীবী ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। পরে নিলামের মাধ্যমে মাছগুলো মোট ৪৮ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
ট্রলারের জেলেরা জানান, গত ৬ আগস্ট পায়রা সমুদ্রবন্দরের ফেয়ারওয়ে বয়া এলাকায় জাল ফেললে একসঙ্গে প্রায় ২ হাজার ২০০ পিস ইলিশ ধরা পড়ে। দীর্ঘ সময় সাগরে কাঙ্ক্ষিত মাছ না পাওয়ার পর এমন বড় চালানে জেলেদের মধ্যে স্বস্তি ফিরেছে। আড়ত সূত্রে জানা গেছে, এই চালানের মধ্যে ২৪ মণ ছিল এক কেজি বা তার বেশি ওজনের বড় ইলিশ, যা প্রতি মণ ১ লাখ ১৫ হাজার টাকা দরে বিক্রি হয়েছে। বাকি ২২ মণ ইলিশ ৯৫০ গ্রাম থেকে ৮০০ গ্রাম ওজনের ছিল, যা বিক্রি হয়েছে ৯৫ হাজার টাকা মণ দরে।
এফবি জুনাইদ ট্রলারের মাঝি আলমগীর হোসেন বলেন, ‘প্রায় পাঁচ বছর পর একসঙ্গে এত বড় ইলিশের চালান পেলাম। দীর্ঘদিনের লোকসান কাটিয়ে এবার আমরা লাভের মুখ দেখতে পারব বলে আশা করছি।’ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিকস বিভাগের চেয়ারম্যান ড. রাজিব সরকার জানান, সাম্প্রতিক সময়ে মাছের খরা থাকলেও এক ট্রলারে এত ইলিশ ধরা পড়া জেলেদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক খবর। কলাপাড়া উপজেলা মৎস্য বিভাগ মনে করছে, বৃষ্টিপাত বাড়লে সাগরে আরও বেশি মাছ পাওয়া যাবে।
রিপোর্টারের নাম 























