ইসলাম শিশুর প্রতিপালনকে কেবল পারিবারিক দায়িত্ব হিসেবে নয়, বরং আল্লাহর পক্ষ থেকে মা-বাবার কাছে অর্পিত এক পবিত্র আমানত হিসেবে বিবেচনা করে। কোরআনে সন্তানকে পিতা-মাতার জন্য দুনিয়ার শোভা এবং একই সাথে একটি পরীক্ষাও আখ্যায়িত করা হয়েছে। এই প্রেক্ষাপটে, শিশুর শারীরিক, মানসিক, বুদ্ধিবৃত্তিক ও নৈতিক বিকাশের দায়িত্ব শুধু আবেগের বিষয় নয়, বরং একটি ধর্মীয় কর্তব্যও। ইসলাম এই দায়িত্ব পালনে স্নেহ, ভালোবাসা, দয়া এবং প্রজ্ঞাপূর্ণ শিক্ষার পাশাপাশি প্রয়োজনে সীমিত ও ন্যায়সংগত শাসনেরও অনুমতি দেয়। এভাবে ইসলাম একদিকে যেমন কোমলতা শেখায়, তেমনি দায়িত্বশীল অভিভাবকত্বেরও দিকনির্দেশনা দেয়।
মহানবী (সা.) শিশুদের প্রতি সর্বোত্তম আদর্শ স্থাপন করেছেন। তিনি শিশুদের ভালোবাসতেন, কোলে তুলে নিতেন, মাথায় স্নেহের হাত বুলিয়ে দিতেন, হাসিমুখে কথা বলতেন এবং আন্তরিকতার সাথে আচরণ করতেন। পথ চলতে শিশুদের আগে সালাম দেওয়ার ঘটনাও হাদিসে বর্ণিত হয়েছে। একবার এক সাহাবি তাঁর নাতি হাসান-হোসাইনকে চুম্বন করতে দেখে বিস্ময় প্রকাশ করলে তিনি বলেছিলেন, ‘যার অন্তরে দয়া নেই, তার প্রতিও দয়া দেখানো হয় না।’ নামাজরত অবস্থায় নাতনি উম্মে কুলসুমকে কাঁধে নিয়ে সালাত আদায় করার ঘটনাও তাঁর শিশুর প্রতি সহনশীলতা ও কোমলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে আমাদের ছোটদের স্নেহ করে না এবং বড়দের সম্মান করে না, সে আমাদের দলভুক্ত নয়।’ (তিরমিজি : ১৯২১)
শিশুরা স্বভাবগতভাবেই চঞ্চল ও কৌতূহলী হয় এবং তাদের ভুল করা, শেখা ও ধীরে ধীরে পরিণত হওয়াই স্বাভাবিক বিকাশের ধারা। তাই প্রতিটি ভুলের জবাবে কঠোরতা অবলম্বন না করে, বরং ধৈর্য ধরে বোঝানো ও উৎসাহ দেওয়াই ইসলামের প্রকৃত শিক্ষা। ইসলামি চিন্তাবিদরা মনে করেন, শিশুর ভুলকে শাস্তির চোখে না দেখে শেখার সুযোগ হিসেবে দেখা উচিত। কারণ ভয়ের পরিবেশে বেড়ে ওঠা শিশু আত্মবিশ্বাসহীন ও মানসিকভাবে দুর্বল হয়ে ওঠার ঝুঁকিতে থাকে।
তবে ইসলাম শাসনের প্রয়োজনীয়তাকেও অস্বীকার করে না। সন্তানকে দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তুলতে সময়মতো শিক্ষা ও সংশোধন অপরিহার্য। এ প্রসঙ্গে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমাদের সন্তানদের সাত বছর বয়সে নামাজের নির্দেশ দাও এবং দশ বছর বয়সে নামাজ না পড়লে তাদের শাসন করো।’ (আবু দাউদ : ৪৯৫) এই হাদিসের উদ্দেশ্য কোনোভাবেই নির্যাতন নয়, বরং একটি সুশৃঙ্খল ও দায়িত্বশীল জীবন গঠনের শিক্ষা প্রদান করা।
রিপোর্টারের নাম 
























