জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (চমেবি) যথাযোগ্য মর্যাদায় শহীদদের স্মরণ করা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দোয়া, মিলাদ মাহফিল ও বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এই দোয়া মাহফিলে অংশ নেন। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের অফিস সহকারী মো. সাইফুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদরা আমাদের জাতীয় বীর। তাদের মহান আত্মত্যাগের বিনিময়ে দেশে আজ গণতান্ত্রিক পরিবেশ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে। এই বিপ্লবের চেতনা নতুন প্রজন্মের কাছে দেশপ্রেম ও মানবিক মূল্যবোধের এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। অনুষ্ঠানে জুলাই আন্দোলনের ওপর একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. সুলতানা রুমা আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর আগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ওয়াসিমের পরিবার ও আহত যোদ্ধাদের বিশেষ ‘বিপ্লবী সম্মাননা’ প্রদান করেছিল।
রিপোর্টারের নাম 
























