দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। সংগঠনটি ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের জোর দাবি জানিয়েছে।
মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ ও সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ বলেন, শিক্ষাঙ্গন হবে জ্ঞানচর্চা ও সুস্থ রাজনীতির বিকাশের জায়গা। সেখানে অস্ত্রের ঝনঝনানি বা দখলদারিত্ব কোনোভাবেই কাম্য নয়। ২০২৪ সালের জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে শিক্ষার্থীরা একটি নিরাপদ ও বৈষম্যহীন ক্যাম্পাস প্রত্যাশা করেছিল, কিন্তু বর্তমানে বিভিন্ন ক্যাম্পাসে আধিপত্য বিস্তারের চেষ্টা সেই স্বপ্নকে ব্যাহত করছে।
নেতৃবৃন্দ অভিযোগ করেন, ঢাকা কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা শিক্ষাঙ্গনের স্বাভাবিক পরিবেশ নষ্ট করছে। তারা অবিলম্বে এসব হামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে সকল ছাত্রসংগঠনকে সহনশীল রাজনৈতিক চর্চার আহ্বান জানানো হয়।
রিপোর্টারের নাম 
























