মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের এক অভিযানে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৪ লাখ ৪০ হাজার টাকা এবং একটি প্রাইভেটকার জব্দসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এই সফল অভিযানটি গতকাল সোমবার বিকেলে পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৫টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে যে, ইয়াবার একটি বড় চালান গ্রহণের উদ্দেশ্যে একটি সাদা রঙের প্রাইভেটকারযোগে মাদক কারবারিরা মৌলভীবাজার-ঢাকা বাসস্ট্যান্ড এলাকার দিকে আসছে। এই তথ্যের ভিত্তিতে এসআই রিপটন পুরকায়স্থের নেতৃত্বে পুলিশের একটি দল বিকেল সাড়ে ৫টায় মৌলভীবাজার শহরের শ্রীমঙ্গল রোডস্থ পঞ্চমী ওয়াশিং সেন্টারের সামনে অবস্থান নেয় এবং সন্দেহভাজন প্রাইভেটকারটি আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক মুরাদ আলী মিলন গুরুত্বপূর্ণ তথ্য দেয়, যার ভিত্তিতে শ্রীমঙ্গল রোডস্থ এসএমএস বাস কাউন্টারের সামনে থেকে তার দুই সহযোগী মানিক আহমদ ও সাব্বির আহমদকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আসামিদের দেহ ও ব্যবহৃত প্রাইভেটকার তল্লাশি করে দুটি শপিং ব্যাগে স্কচটেপ দিয়ে মোড়ানো চারটি প্যাকেট থেকে মোট ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া তাদের হেফাজত থেকে মাদক বিক্রয়লব্ধ নগদ ৪ লাখ ৪০ হাজার টাকা এবং ঢাকা মেট্রো গ-১৫-৫৬০৫ নম্বরের একটি সাদা রঙের প্রাইভেটকার জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিক আহমদ (৩২), সাব্বির আহমদ (২৬) এবং মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুরাদ আলী মিলন (৪৫)। মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পরস্পরের যোগসাজশে সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে ইয়াবার চালান এনে মৌলভীবাজার সদরসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করার কথা স্বীকার করেছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মৌলভীবাজার সদর মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
রিপোর্টারের নাম 
























