কিশোরগঞ্জের ভৈরবে চুরিকৃত নৌকার অবস্থান জানতে চাওয়ায় সাজ্জাদ (১৬) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সোমবার রাত ৮টার দিকে শহরের ইউসুফ আলী উচ্চ বিদ্যালয় সড়কে এই নৃশংস ঘটনা ঘটে। নিহত সাজ্জাদ স্থানীয় সাদেক মিয়ার ছেলে বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় দুই সপ্তাহ আগে লক্ষ্মীপুর এলাকার ব্রহ্মপুত্র নদ থেকে সাজ্জাদের মামা স্বপন মিয়ার একটি স্টিলের নৌকা চুরি হয়। নৌকা চুরির সন্দেহে স্থানীয়রা আনার নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে তিনি চুরির কথা স্বীকার করেন এবং নৌকাটি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। তবে এরপর থেকেই তিনি আত্মগোপনে চলে যান।
সোমবার রাতে অভিযুক্ত আনারকে ইউসুফ আলী উচ্চ বিদ্যালয় সড়কে দেখতে পেয়ে সাজ্জাদ চিৎকার করে লোক জড়ো করার চেষ্টা করে। এসময় আনার তাকে লক্ষ্য করে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় সাজ্জাদকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভৈরব থানার ওসি মো. মাহবুবুর রহমান জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘাতককে গ্রেপ্তারে অভিযান চলছে।
রিপোর্টারের নাম 

























