কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় আড়িয়াল খাঁ নদের তলদেশ দিয়ে যাওয়া তিতাস গ্যাসের উচ্চচাপের প্রধান সঞ্চালন পাইপলাইন থেকে অবৈধভাবে গ্যাস সংযোগ নেওয়ার চেষ্টার অভিযোগে গড়ে ওঠা একটি চুনাপাথর কারখানায় উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে কারখানার তিনটি চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয় এবং বিপুল পরিমাণ চুনাপাথর জব্দ করা হয়। ঘটনার সঙ্গে জড়িতরা পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া না গেলেও, মামলার প্রস্তুতি চলছে।
সোমবার দুপুরে উপজেলার মসূয়া ইউনিয়নের কাজীরচর গ্রামে সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে উপজেলা প্রশাসনের সঙ্গে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সরেজমিনে দেখা যায়, পাইপলাইনের লিকেজস্থল দিয়ে এখনো গ্যাস নির্গত হচ্ছে। প্রথমে পানিতে ছোট ছোট বুদবুদ দেখে স্থানীয়রা বিষয়টিকে স্বাভাবিক মনে করলেও, পরে বুদবুদের মাত্রা বেড়ে গেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ তদন্ত শুরু করলে অবৈধ গ্যাস সংযোগের চেষ্টা ধরা পড়ে।
মসূয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, কারখানাটি স্থাপনের বিষয়ে ইউনিয়ন পরিষদ থেকে কোনো ট্রেড লাইসেন্স নেওয়া হয়নি এবং তাকে বিষয়টি জানানোও হয়নি। গ্যাস লিকেজের ঘটনা জানার পর তিনি ঘটনাস্থলে গিয়ে এটি একটি অবৈধ কারখানা বলে নিশ্চিত হন। তিনি এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান। তিতাস গ্যাস কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, উচ্চচাপের পাইপলাইন থেকে গ্যাস চুরি করে কারখানায় সংযোগ দেওয়ার সময়ই লিকেজের সৃষ্টি হয়েছে। বর্তমানে প্রকৌশলীরা লিকেজ মেরামতের কাজ করছেন।
অভিযানে উপস্থিত ছিলেন তিতাস গ্যাসের ময়মনসিংহ বিভাগের উপমহাব্যবস্থাপক (আঞ্চলিক অপারেশন) প্রকৌশলী সুমেধ মনি চাকমা, ব্যবস্থাপক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) শামীম হোসেন এবং কিশোরগঞ্জ জোনাল অফিসের ম্যানেজার মোশাররফ হোসেন। অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) বলেন, “কারখানাটি চালু হওয়ার আগেই সেখানে তিনটি চুল্লি নির্মাণ ও চুনাপাথর মজুত করা হয়েছিল। উদ্দেশ্য ছিল অবৈধভাবে তিতাসের গ্যাস ব্যবহার করে কারখানা পরিচালনা করা। ভবিষ্যতে যাতে কারখানাটি আর চালু করা না যায়, সে জন্য চুল্লিগুলো সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছে। জব্দ করা চুনাপাথর ও চুল্লির ইট…”
রিপোর্টারের নাম 
























