বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির উচ্চাভিলাষী পরিকল্পনা ভেস্তে যাওয়ায় চরম প্রশাসনিক ও রাজনৈতিক সংকটে পড়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক সমর্থনের চেষ্টা করলেও এখন পর্যন্ত কোনো ইতিবাচক সাড়া পাননি।
অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম নিউজ ডট কমের প্রতিবেদন অনুযায়ী, ইনফান্তিনো বারবার ট্রাম্পের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করলেও মার্কিন প্রেসিডেন্ট বিষয়টি এড়িয়ে চলছেন। এমনকি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গেও ফিফা সভাপতির কোনো বৈঠক নির্ধারিত নেই বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস। ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ফিফার প্রস্তাবিত এই বিতর্কিত চুক্তি নিয়ে তার কোনো আগ্রহ নেই।
উল্লেখ্য, বিশ্বকাপের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য আলাদা প্রতিষ্ঠান গঠন করে প্রায় ৪.২ বিলিয়ন ডলার সংগ্রহের পরিকল্পনা করেছিলেন ইনফান্তিনো। তবে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফাসহ বিভিন্ন দেশের ফুটবল ফেডারেশনের তীব্র বিরোধিতার মুখে তিনি পিছু হটতে বাধ্য হন। ২০২৭ সালের ফিফা নির্বাচনকে সামনে রেখে এই ব্যর্থতা ইনফান্তিনোর নেতৃত্বকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে।
রিপোর্টারের নাম 

























