ঢাকা: রান্নার কাজে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বৃদ্ধি পেয়েছে। আজ রোববার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক ঘোষণায় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়ে ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করেছে। এর আগে একই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫২৮ টাকা। আজ সন্ধ্যা ৬টা থেকেই নতুন এই দর কার্যকর হয়েছে।
বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির খুচরা মূল্য প্রতি কেজি ১৩৩ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেনের দাম বৃদ্ধি, জাহাজভাড়া, ট্রেডারের প্রিমিয়াম এবং মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনা করে এই মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। আগস্ট মাসের জন্য সৌদি আরামকো ঘোষিত প্রোপেনের মূল্য প্রতি মেট্রিক টন ৬২০ মার্কিন ডলার এবং বিউটেনের মূল্য ৬৪০ মার্কিন ডলার, যা গড়ে প্রতি মেট্রিক টন ৬৩৩ মার্কিন ডলার ধরা হয়েছে।
নতুন দর অনুযায়ী, অন্যান্য আকারের এলপিজি সিলিন্ডারের দামও সমন্বয় করা হয়েছে। ৫ দশমিক ৫ কেজির সিলিন্ডারের দাম ৭৩২ টাকা, ১২ দশমিক ৫ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৬৬৪ টাকা, ১৫ কেজির দাম ১ হাজার ৯৯৭ টাকা, ১৬ কেজির দাম ২ হাজার ১৩০ টাকা এবং ১৮ কেজির দাম ২ হাজার ৩৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া, তুলনামূলক বড় আকৃতির সিলিন্ডারের মধ্যে ২০ কেজির দাম ২ হাজার ৬৬৩ টাকা, ২২ কেজির দাম ২ হাজার ৯২৯ টাকা, ২৫ কেজির দাম ৩ হাজার ৩২৯ টাকা, ৩০ কেজির দাম ৩ হাজার ৯৯৫ টাকা, ৩৩ কেজির দাম ৪ হাজার ৩৯৪ টাকা, ৩৫ কেজির দাম ৪ হাজার ৬৬০ টাকা এবং সর্ববৃহৎ ৪৫ কেজি ধারণক্ষমতার সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৯৯২ টাকা।
রিপোর্টারের নাম 

























