বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের আবাসন সমস্যা নিরসন এবং ভর্তি প্রক্রিয়া আরও গতিশীল করার আশ্বাস দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল গেস্ট হাউজে আয়োজিত এক মতবিনিময় সভায় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এই প্রতিশ্রুতি দেন।
উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিদেশি শিক্ষার্থীদের একাডেমিক পরিবেশ ও শিক্ষার্থীসেবা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। ইউজিসি চেয়ারম্যান বলেন, বিদেশি শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও আন্তর্জাতিক মানের ডরমেটরি নির্মাণ এবং ভর্তি প্রক্রিয়ায় প্রয়োজনীয় অনাপত্তিপত্র দ্রুত পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে কমিশন প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করবে।
উল্লেখ্য, চলতি শিক্ষাবর্ষে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়েই সর্বোচ্চ ২৭ জন বিদেশি শিক্ষার্থী ভর্তি হয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বিদেশি শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর, যাতে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্ববিদ্যালয়ের সুনাম আরও বৃদ্ধি পায়।
রিপোর্টারের নাম 
























