দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে বড় ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে ‘স্মার্ট ক্যাম্পাসে’ রূপান্তর করা হবে বলে জানিয়েছেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। এই প্রকল্পের আওতায় হাই-স্পিড ইন্টারনেট, স্মার্ট ক্লাসরুম এবং সমন্বিত ডিজিটাল সেবা নিশ্চিত করা হবে, যার ফলে ভর্তি প্রক্রিয়া থেকে শুরু করে প্রাক্তন শিক্ষার্থী হিসেবেও একজন ছাত্র সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত থাকতে পারবেন।
বৃহস্পতিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে ইউজিসি চেয়ারম্যান বলেন, তীব্র প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে তোমরা এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেয়েছ। মেধার পাশাপাশি আত্মবিশ্বাস, নৈতিকতা ও মানবিক গুণাবলি অর্জনের মাধ্যমে নিজেদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
অধ্যাপক মামুন আহমেদ আরও বলেন, দেশের কৃষি উন্নয়ন ও গবেষণায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ভূমিকা রয়েছে। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না থেকে গবেষণা, খেলাধুলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশ নিতে হবে। শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিটি শিক্ষার্থীর স্বপ্নের পেছনে একটি পরিবারের আশা জড়িয়ে থাকে। সেই স্বপ্ন পূরণে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে শ্রদ্ধা ও আস্থার নিবিড় সম্পর্ক বজায় রাখা অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, বাকৃবিতে বর্তমানে ইন্টার্নশিপ ও গবেষণার যে চমৎকার পরিবেশ রয়েছে, তা দেশের অন্য বিশ্ববিদ্যালয়গুলোর জন্য একটি আদর্শ মডেল। আগামী কয়েক বছরের মধ্যে এই শিক্ষার্থীরাই দক্ষ কৃষিবিদ ও বিজ্ঞানী হিসেবে দেশের কৃষি খাতের আধুনিকায়নে নেতৃত্ব দেবেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়াসহ অন্যান্য জ্যেষ্ঠ শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























