নতুন ধারার রাজনীতির নামে এনসিপি দেশে বিভ্রান্তিকর ‘ভণ্ডবস্তের’ রাজনীতি শুরু করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি দাবি করেন, এনসিপি বর্তমানে স্বাধীনভাবে নয়, বরং জামায়াতের পরামর্শ ও নির্দেশনায় তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছে।
বৃহস্পতিবার ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রাশেদ খান বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের রাজনীতির চূড়ান্ত পতন ঘটেছে। তাদের রাজনীতি এখন দিল্লিতে দাফন হয়ে গেছে এবং এ দেশে তাদের ফেরার আর কোনো সম্ভাবনা নেই।
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক দর্শনের কথা উল্লেখ করে রাশেদ খান বলেন, আমাদের প্রধানমন্ত্রী প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না। তিনি বারবার নেতাকর্মীদের নির্দেশ দিচ্ছেন যেন কেউ আইন নিজের হাতে তুলে না নেয়। অতীতে তার ওপর অমানবিক নির্যাতন চালানো হলেও তিনি এখন কারও প্রতি প্রতিশোধ নিতে চান না, বরং সবাইকে নিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চান।
এনসিপি নেতাদের সমালোচনায় তিনি আরও বলেন, এনসিপির কিছু নেতাকর্মী প্রধানমন্ত্রী ও তার পরিবারকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিভিন্ন এলাকায় গিয়ে তারা নির্বাচিত জনপ্রতিনিধিদের গালিগালাজ করছেন। সাধারণ মানুষ তাদের এই নেতিবাচক আচরণ মেনে নেবে না। জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে তাদের ইতিবাচক রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানান তিনি।
রিপোর্টারের নাম 























