সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় যশোরের ঝিকরগাছা থেকে গ্রেপ্তার হওয়া চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে বিচারক এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, ডেভিড ইমনের বিরুদ্ধে ফটিকছড়ি থানায় একটি হত্যা ও দুটি অস্ত্র মামলা এবং বায়েজিদ বোস্তামী থানায় একটি মামলাসহ মোট চারটি মামলা রয়েছে। পুলিশ তাকে এই চার মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করলে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সায়মা আফরিন হীমা তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, বৃহস্পতিবার সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে যশোর থেকে এই দুর্ধর্ষ সন্ত্রাসীকে চট্টগ্রামে আনা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যশোরের ঝিকরগাছা সীমান্তের ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমন ও তার চার সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছিল। দীর্ঘদিন আত্মগোপনে থাকা এই সন্ত্রাসী সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আদালত পরিদর্শক মো. হাবিবুর রহমান গণমাধ্যমকে জানান, আসামির বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। বর্তমানে তাকে কারাগারে পাঠানো হয়েছে এবং মামলাগুলোর তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।
রিপোর্টারের নাম 

























