হজযাত্রীদের আর্থিক চাপ কমাতে বিমান ভাড়ায় বড় ধরনের ছাড় ঘোষণা করেছে সরকার। ২০২৬ সালের হজ মৌসুমে বাংলাদেশি হজযাত্রীদের জন্য বিমান টিকিটের মূল্য আরও ২৫ হাজার টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জাতীয় হজ ও ওমরাহ ফেয়ার-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এই ঘোষণা দেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নির্বাচিত সরকার জনবান্ধব নীতি অনুসরণে প্রতিশ্রুতিবদ্ধ। এরই ধারাবাহিকতায় হজযাত্রীদের হয়রানিমুক্ত পরিবেশে এবং সাশ্রয়ী ব্যয়ে হজ পালনের সুযোগ করে দিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। গত বছরও বিমান ভাড়া ১২ হাজার টাকা কমানো হয়েছিল এবং এবার তা আরও কমিয়ে যৌক্তিক পর্যায়ে আনা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, হজের কার্যক্রম পরিচালনায় কোনো ধরনের দুর্নীতি বা হজযাত্রীদের সঙ্গে প্রতারণা বরদাশত করা হবে না। দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে জানানো হয়, হজযাত্রীদের আবাসন ও অন্যান্য খরচ কমাতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার। এছাড়া সৌদি বিমানবন্দরের নির্মাণ কর কমানোর বিষয়েও কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। ২০২৬ সালের সফল হজের ধারাবাহিকতায় আগামী ২০২৭ সালেও যেন আরও উন্নত সেবা নিশ্চিত করা যায়, সে লক্ষ্যে এখন থেকেই পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।
ধর্ম মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দেশের অধিকাংশ হজযাত্রী বেসরকারি এজেন্সির মাধ্যমে সৌদি আরব যান। তাই হাজীদের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে বেসরকারি এজেন্সিগুলোকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
রিপোর্টারের নাম 























