প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, মানব পাচারের মতো জঘন্য অপরাধ নির্মূলে দেশে সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার ও আইনের শাসন প্রতিষ্ঠা করা অপরিহার্য। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশে সুস্থ সাংস্কৃতিক চর্চা বাধাগ্রস্ত হওয়ায় অপরাধপ্রবণতা বেড়েছিল। বর্তমান নির্বাচিত সরকার তৃণমূল পর্যায়ে শিক্ষার বিস্তার ও সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে, যাতে কোনো নাগরিক প্রতারণা বা পাচারের শিকার না হয়। তিনি স্থানীয় প্রশাসনকে এ বিষয়ে আরও তৎপর হওয়ার আহ্বান জানান।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন বলেন, মানব পাচার প্রতিরোধে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি আয়োজিত এই সেমিনারে অপরাধবিজ্ঞানীরা মানব পাচারের বর্তমান চিত্র ও উত্তরণের পথ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
রিপোর্টারের নাম 

























