যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা বৃদ্ধি পেলেও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে তেলবাহী জাহাজ চলাচল স্বাভাবিক থাকায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে তৈরি হওয়া তাৎক্ষণিক উদ্বেগ অনেকটাই কমে এসেছে।
যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলে ১ দশমিক ২৯ ডলার বা ১ দশমিক ৪২ শতাংশ কমে বর্তমানে ৮৯ দশমিক ৪৫ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, মার্কিন অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলে ৫৬ সেন্ট বা ০ দশমিক ৬৬ শতাংশ কমে ৮৩ দশমিক ৯০ ডলারে লেনদেন হচ্ছে।
চলতি সপ্তাহে তেলের দামে বড় ধরনের ওঠানামা দেখা গেছে। এর আগের কার্যদিবসে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছিল, যেখানে একদিনেই ব্রেন্ট ক্রুডের দাম ৭.৯১ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৬.৫৬ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। এর আগে মঙ্গলবার সাময়িক বিরতির খবরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ৫ শতাংশ কমে গিয়েছিল।
মার্কিন সময় বুধবার দিবাগত রাতে ইরানের অভ্যন্তরে বিভিন্ন সামরিক ও কৌশলগত লক্ষ্যবস্তুতে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী, মার্কিন বাহিনীর এই অভিযানের পর ইরানের দক্ষিণাঞ্চলীয় একাধিক প্রদেশ ও কয়েকটি দ্বীপে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পরিস্থিতি এখনও থমথমে থাকলেও শিপিং রুট চালু থাকায় আপাতত বিশ্ববাজারে তেলের দর কমতির দিকেই রয়েছে।
রিপোর্টারের নাম 





















