বুয়েনস আইরেস, ২০২৬: আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলে দাবানল মোকাবিলার প্রস্তুতিমূলক মহড়া চলাকালীন একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন। বুধবার সকালে সান হুয়ান প্রদেশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, হেলিকপ্টারটি পাশের প্রদেশে কয়েক দিন ধরে জ্বলতে থাকা দাবানল নিয়ন্ত্রণে সহায়তা করার জন্য প্রশিক্ষণে অংশ নিয়েছিল।
স্থানীয় সময় বুধবার সকাল সাড়ে ১০টার দিকে হেলিকপ্টারটির সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ইশচিগুয়ালাস্তো প্রাকৃতিক উদ্যানের কাছে এটি বিধ্বস্ত হয়। সান হুয়ানের গভর্নর মার্সেলো অরেগো সামাজিক মাধ্যম এক্সে এক বার্তায় জানিয়েছেন, ‘গভীর শোকের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রদেশে সংঘটিত হেলিকপ্টার দুর্ঘটনায় সাতজন প্রাণ হারিয়েছেন।’
নিহতদের মধ্যে দমকলকর্মী, পুলিশ সদস্য এবং সিভিল প্রোটেকশন বিভাগের কর্মীরা রয়েছেন বলে জানা গেছে। জরুরি সেবা বিভাগ দুর্ঘটনার কারণ তদন্ত করছে এবং ঘটনাস্থলে উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। এই দুর্ঘটনায় সান হুয়ান প্রাদেশিক সরকার তিন দিনের শোক ঘোষণা করেছে।
উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরু থেকে দেশটির লা রিওহায় পার্বত্য এলাকায় একাধিক দাবানল ছড়িয়ে পড়েছে। স্থানীয় দমকল বাহিনীর তথ্য অনুযায়ী, মাত্র তিন দিনে সেখানে কয়েকশ হেক্টর বনভূমি পুড়ে গেছে।
রিপোর্টারের নাম 





















