আদালত-সংক্রান্ত যেকোনো তথ্য প্রচারে যাতে কোনো ধরনের বিভ্রান্তি সৃষ্টি না হয়, সে বিষয়ে সাংবাদিকদের সতর্ক ও দায়িত্বশীল থাকার অনুরোধ জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বুধবার আইন, বিচার, সংবিধান ও মানবাধিকারবিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) নবনির্বাচিত কমিটির নেতাদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান।
অ্যাটর্নি জেনারেল এলআরএফ সদস্যদের উদ্দেশে বলেন, যারা আদালতকেন্দ্রিক রিপোর্টিং করেন, তাদের প্রত্যেকের একটি বিশেষ দক্ষতা গড়ে উঠেছে। আপনারা নিজেরাই অনেকটা ‘সেলফ সেন্সরশিপ’ করে থাকেন এবং বুঝে গেছেন আদালতের কোন কথা বা কার্যধারার বাইরে লিখিত রায় কিংবা আদেশের বাইরে কতটুকু জনসম্মুখে প্রকাশ করা উচিত বা অনুচিত।
তিনি আরও বলেন, যারা দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমে আদালতের কার্যক্রম নিয়ে কাজ করছেন, তাদের একটি পেশাদারিত্ব তৈরি হয়েছে। আমি বিশ্বাস করি, ল’ রিপোর্টার্স ফোরামের সদস্যরা এ ব্যাপারে সতর্ক আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
আপিল বিভাগে সাংবাদিকদের প্রবেশাধিকারের বিষয়ে অ্যাটর্নি জেনারেল জানান, দায়িত্ব গ্রহণের পরপরই তিনি প্রধান বিচারপতির কাছে এ বিষয়ে পুনর্বিবেচনার অনুরোধ করেছিলেন। সম্প্রতি সিনিয়র আইনজীবীদের মাধ্যমেও তিনি বিষয়টি পুনরায় তুলে ধরেছেন এবং আবারও প্রধান বিচারপতিকে বিষয়টি অবহিত করবেন।
ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি মুহাম্মদ ইয়াছিন ও সাধারণ সম্পাদক আরাফাত মুন্নার নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি আবু সালেহ রনি, যুগ্ম সম্পাদক তানভির আহমেদ, অর্থ সম্পাদক মনজুর হোসাইন, সাংগঠনিক সম্পাদক আহমেদ আল আমিন, দপ্তর সম্পাদক মাহমুদুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদুল বাশার এবং কার্যনির্বাহী সদস্য ইলিয়াস সরকার ও এস. এম. নূর মোহাম্মদ।
রিপোর্টারের নাম 
























