হবিগঞ্জে জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টি (এনসিপি)-এর নেতা সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলটির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ এবং গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। একই সাথে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত আমির মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী ও মহাসচিব মাওলানা মূসা বিন ইযহার বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যেক রাজনৈতিক দল ও নাগরিকের শান্তিপূর্ণ কর্মসূচি পালন এবং মতপ্রকাশের অধিকার সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার। রাজনৈতিক মতভিন্নতার কারণে হামলা, সহিংসতা ও সন্ত্রাসের আশ্রয় নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা দেশের গণতান্ত্রিক পরিবেশ, রাজনৈতিক সহাবস্থান এবং আইনের শাসনের জন্য মারাত্মক হুমকি।
নেজামে ইসলাম পার্টির নেতারা বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবিলা করতে হলে তা হতে হবে যুক্তি, আদর্শ ও জনগণের রায়ের মাধ্যমে; সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে নয়। রাজনৈতিক সংস্কৃতিকে কলুষিত করে এমন যেকোনো অপচেষ্টা দেশের স্থিতিশীলতা ও জাতীয় ঐক্যের জন্য ক্ষতিকর।
তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তার, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। একই সঙ্গে আহত সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী এবং হামলায় ক্ষতিগ্রস্ত সকলের দ্রুত আরোগ্য কামনা করেন।
বিবৃতিতে তারা দেশের সকল রাজনৈতিক দল, সামাজিক শক্তি ও সচেতন নাগরিকের প্রতি শান্তি, সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার আহ্বান জানান। তারা আশা প্রকাশ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অপরাধীদের বিচারের আওতায় এনে জনগণের আস্থা সুদৃঢ় করবে।
রিপোর্টারের নাম 





















