হবিগঞ্জের বাহুবল উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার দুপুর থেকেই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়। বিকেলের দিকে বাহুবল সীমান্তে পৌঁছালে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর পুলিশি ব্যারিকেডের মুখে পড়ে।
স্থানীয় সূত্র জানায়, বুধবার দুপুর থেকে বাহুবল উপজেলার মুছাই, কামাইছড়া, মিরপুর চৌমুহনা ও তিতারকোনা এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়। বিকেল প্রায় ৫টার দিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতাদের বহর বাহুবল উপজেলার সীমানায় পৌঁছালে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যারিকেডের মুখে পড়ে।
এদিকে মিরপুর এলাকায় সড়কে ব্যক্তিগত গাড়ি আড়াআড়িভাবে দাঁড় করিয়ে যান চলাচল সীমিত করে দেয় পুলিশ। এতে ঢাকা-সিলেট মহাসড়কে চলাচলকারী দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে। দীর্ঘ যানজটের কারণে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দেয়। বিকেল ৫টা থেকে মুছাই পাহাড়ি এলাকায় অবস্থান নেওয়া এনসিপি নেতাদের বহর সন্ধ্যার আগ পর্যন্ত এগোতে পারেনি বলে জানা যায়। স্থানীয়দের আশঙ্কা, দীর্ঘ সময় সেখানে অবস্থান করলে নিরাপত্তাজনিত ঝুঁকি তৈরি হতে পারে।
তবে ব্যারিকেড দেওয়ার কারণ বা পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
রিপোর্টারের নাম 
























