জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ডিজিটাল সেবা আরও সহজ করতে দেশের শীর্ষ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বিকাশের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর ফলে ‘আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’-এ অংশগ্রহণকারী প্রতিযোগীরা তাদের নির্ধারিত যাতায়াত ভাতা কোনো প্রকার প্রশাসনিক জটিলতা ছাড়াই সরাসরি নিজস্ব বিকাশ অ্যাকাউন্টে পেয়ে যাবেন।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে এই চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার প্রফেসর ড. মো. নাজমুল হোসাইন এবং বিকাশ লিমিটেডের পক্ষে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মেহমুদ আশিক ইকবাল এই চুক্তিতে সই করেন।
এই উদ্যোগের ফলে যাতায়াত ভাতা প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত হবে এবং পুরো প্রক্রিয়াটি আরও গতিশীল হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, ক্যাশলেস এই সুবিধা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া আয়োজনে এক নতুন মাত্রা যোগ করবে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন দপ্তরের পরিচালক এবং বিকাশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























