ফরাসি দৈনিক লেকিপসহ দেশটির একাধিক গণমাধ্যমে প্রকাশিত একটি চিঠির মাধ্যমে বিশ্ব ফুটবলের তারকা কিলিয়ান এমবাপ্পে অবশেষে নীরবতা ভেঙেছেন। চিঠির শুরুতেই তিনি সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আপনাদের ধন্যবাদ। আবেগে ভরা একটি মাস, যেখানে আমরা আমাদের ক্ষমতার শেষ সীমা পর্যন্ত চেষ্টা করেছি। ফ্রান্সের জার্সি পরার গর্বের একটি মাস, যা আমাদের মাঠে এবং আপনাদের পর্দার সামনে ও গ্যালারিতে সমর্থনের আবেগে পরিপূর্ণ ছিল।’
বিশ্বকাপে গোল্ডেন বুট জিতলেও ট্রফি না পাওয়ার আক্ষেপও লুকাননি রিয়াল মাদ্রিদের এই তারকা। এমবাপ্পে বলেন, ‘সর্বোচ্চ গোলদাতার পুরস্কার আমি গর্বের সঙ্গে গ্রহণ করছি। কিন্তু ট্রফিটা যদি এর সঙ্গে থাকত, তাহলে সেটি আরো অনেক সুন্দর হতো। আমরা হয়তো আপনাদের আরো সুন্দর সমাপ্তি উপহার দিতে পারিনি। কিন্তু গল্পের শেষটা সব সময় আমাদের হাতে থাকে না। আমরা শুধু এটুকু পারি যে সেই গল্পের জন্য নিজেদের কতটা বেশি উজাড় করে দেওয়া যায়। আর আমরা সবকিছুই দিয়েছি।’
চিঠিতে সতীর্থদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন ফরাসি অধিনায়ক। ১০ গোল করে গোল্ডেন বুট জেতার সবটুকু কৃতিত্ব তিনি দেন সতীর্থদের। তিনি জোর দিয়ে বলেন, ‘এই ব্যক্তিগত পুরস্কার আমার যতটা, দলেরও ঠিক ততটাই। তাদের কঠোর পরিশ্রম, তাদের মুভমেন্ট, তাদের পাস এবং প্রথম ম্যাচ থেকে শেষ ম্যাচ পর্যন্ত আমাদের বয়ে নিয়ে যাওয়া দলীয় মনোভাব না থাকলে আমি এতগুলো গোল করতে পারতাম না। তাই এই স্বীকৃতির অংশীদার পুরো দল।’
সবশেষে সমর্থকদের উদ্দেশে আশাবাদী বার্তা দেন এমবাপ্পে। তিনি বলেন, ‘ছোটবেলায় আমি অন্তত একটা হলেও বিশ্বকাপে খেলতে চেয়েছিলাম। আমি খেললাম তিনটি বিশ্বকাপ, একটি জিতেছি এবং এই বছর অধিনায়ক হিসেবে খেলার সম্মাননা পেয়েছি। আমি এটা কখনো ভুলব না। আপনারা ঘরে, ক্যাফেতে, আপনাদের পরিবার বা বন্ধুদের সঙ্গে পুরো ফ্রান্স এবং এর বাইরে একত্রিত হয়েছেন। অন্যরা স্টেডিয়ামে আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন, কাঁধে পতাকা বহন করছিলেন। সবাই আনন্দ নিয়ে একত্রিত হয়েছেন। এটিই এই খেলার শক্তি।’
রিপোর্টারের নাম 

























