কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হন আইইউটির মেধাবী শিক্ষার্থী জাহিদুজ্জামান তানভীন (২৫)। রাজধানীর উত্তরার আজমপুরে গত ১৮ জুলাই তার বুকে বিদ্ধ হয় ছররা গুলি। তাৎক্ষণিক স্থানীয় কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন তানভীন। ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি তার গভীর ঝোঁক ছিল। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক দুই বোর্ড পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিলেন। বিশ্ববিদ্যালয় জীবনেও শুরু থেকেই রেখেছেন প্রতিভার স্বাক্ষর। প্রথম ও দ্বিতীয় বর্ষে থাকাকালীন বুয়েট আয়োজিত ‘মডেল শিপ প্রোপালশন কম্পিটিশন’ ও ‘সকার বট কম্পিটিশন’-এ অংশ নিয়ে পুরস্কার লাভ করেন।
তানভীনের মা জানান, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ছিল তার ছেলে তানভীনের পদচারণ। যুক্তরাজ্যভিত্তিক ইনস্টিটিউশন অব মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আয়োজিত ইউএএস এয়ারক্র্যাফট সিস্টেম প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়। ওই প্রতিযোগিতার ছয়টি পুরস্কারের মধ্যে তিনটিই তানভীন ও তার দল জয় করেছিল। এছাড়া বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় নাসা আয়োজিত ইউরোপিয়ান রোভার চ্যালেঞ্জ প্রতিযোগিতায় বিশ্বে দশম এবং এশিয়ার মধ্যে প্রথম স্থান অর্জন করে তানভীনের দল।
তিনি আরও জানান, ২০২২ সালে স্নাতক শেষ করা তানভীন যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তরে পড়তে যাওয়ার চেষ্টা করেছিল। তিন বন্ধুকে নিয়ে ‘অ্যান্ট’ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছিল। তারা ড্রোন দিয়ে জরিপের কাজ করত এবং অনলাইনে ড্রোন বিক্রি করত।
শহীদ তানভীনের পরিবার সূত্রে জানা যায়, মা-বাবা আর এক বোনকে নিয়ে থাকতেন উত্তরার আজমপুর কাঁচাবাজার জামতলার ভাড়া বাড়িতে। বাবা শামসুজ্জামান ইঞ্জিনিয়ার। বোন জেসিকা জামান আয়েশা যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর করছেন। মা বিলকিস জামান গৃহিণী। তানভীন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শুরু থেকেই সক্রিয়ভাবে অংশ নেন।
একমাত্র ছেলেকে হারিয়ে তানভীনের মা বিলকিস জামান এখন শোকে কাতর। দিনরাত কাঁদতে কাঁদতে তার চোখ ঝাপসা হয়ে গেছে। ঠিকমতো দেখতে পাচ্ছেন না এখন। প্রেশার, হার্টের রোগসহ নানা জটিল রোগ বাসা বেঁধেছে শরীরে। তিনি জানান, শহীদ পরিবারের জন্য অন্তবর্তী সরকার ঘোষিত ২০ লাখ টাকার সঞ্চয়পত্র এখনো পাননি। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে কাগজপত্র জমা দিয়েছেন তিনি।
রিপোর্টারের নাম 



















