মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে চলমান শাটডাউনের জন্য ডেমোক্র্যাটদের তীব্র সমালোচনা করেছেন। এই অচলাবস্থার মধ্যেই অর্থসংকটের অজুহাতে পূর্ব ঘোষণা অনুযায়ী তাঁর প্রশাসন আবারও কর্মী ছাঁটাই প্রক্রিয়া শুরু করেছে।
হোয়াইট হাউজের বাজেট পরিচালক রাসেল ভট সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন যে, ছাঁটাই শুরু হয়ে গেছে। শুক্রবার (১০ অক্টোবর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ডেমোক্র্যাটদের বিরোধিতার কারণেই তাঁর প্রশাসন এসব ছাঁটাই করতে বাধ্য হচ্ছে।
সরকারি মুখপাত্রদের সূত্রে জানা গেছে, অর্থ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, অভ্যন্তরীণ রাজস্ব বিভাগ (আইআরএস), শিক্ষা, বাণিজ্য এবং হোমল্যান্ড সিকিউরিটির সাইবার নিরাপত্তা শাখায় ছাঁটাই প্রক্রিয়া শুরু হয়েছে। তবে মোট কতজন কর্মী চাকরি হারাচ্ছেন, সেই সংখ্যা এখনও স্পষ্ট নয়।
বিচার বিভাগের তথ্য অনুযায়ী, সাতটি সরকারি সংস্থার কমপক্ষে ৪,২০০ কর্মীকে ছাঁটাইয়ের নোটিশ দেওয়া হয়েছে। এর মধ্যে অর্থ মন্ত্রণালয়ের ১,৪০০ জন এবং স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের ১,১০০ জন কর্মী রয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে পার্লামেন্টে বাজেট অনুমোদনে ব্যর্থতার কারণেই প্রশাসনে এই অচলাবস্থা (শাটডাউন) সৃষ্টি হয়েছে। হোয়াইট হাউজ আগেই সতর্ক করেছিল যে, এই শাটডাউনের কারণে আরও অনেককে চাকরি হারাতে হতে পারে।
যদিও কংগ্রেসের উভয় কক্ষেই রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, তবুও সরকার পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থায়ন বিল পাস করতে সিনেটে ডেমোক্র্যাটদের সমর্থন প্রয়োজন। ডেমোক্র্যাটরা ‘অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট’-এর আওতায় স্বাস্থ্যবিমার ভর্তুকি বাড়ানোর দাবি জানাচ্ছেন। তাদের যুক্তি, এই ভর্তুকি বন্ধ হয়ে গেলে প্রায় ২ কোটি ৪০ লাখ মার্কিনির স্বাস্থ্য খরচ অনেক বেড়ে যাবে।
স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ জানিয়েছে, সংস্থাটির প্রায় ৪১ শতাংশ কর্মী ছাঁটাইয়ের আওতায় পড়েছেন। ট্রেজারি বিভাগেও ছাঁটাই চলছে, যেখানে আইআরএসে ১,৩০০টি পদ বিলুপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া শিক্ষা, বাণিজ্য, আবাসন, পরিবেশ, জ্বালানি ও স্বরাষ্ট্র দপ্তরেও কর্মী ছাঁটাই শুরু হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। তবে পরিবহন ও ফেডারেল এভিয়েশন প্রশাসন আপাতত এই ছাঁটাই প্রক্রিয়ার বাইরে রয়েছে। চলতি বছরের শুরুর দিকে ট্রাম্পের উদ্যোগে শুরু হওয়া প্রশাসনিক পুনর্গঠন অভিযানের অংশ হিসেবে প্রায় তিন লাখ সরকারি কর্মী চাকরি হারানোর তালিকায় ছিলেন।
অন্যদিকে, নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া ও ইলিনয় অঙ্গরাজ্যের জন্য ২৮ বিলিয়ন ডলারের অবকাঠামো তহবিল স্থগিত করেছেন ট্রাম্প। উল্লেখ্য, এই তিনটি রাজ্যে ডেমোক্র্যাটদের সমর্থক সংখ্যা বেশি। সিনেটে ডেমোক্র্যাট নেতা চাক শুমার বলেন, রিপাবলিকানরা যদি দায়িত্ব না নেয়, তাহলে চাকরি হারানো, সেবা বঞ্চিত ও ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের দায়ভার তাদেরই নিতে হবে।
ফেডারেল কর্মীদের প্রতিনিধিত্বকারী শ্রমিক ইউনিয়নগুলো আদালতে এই ছাঁটাই স্থগিত করার জন্য আবেদন করেছে, যদিও ট্রাম্প প্রশাসন এটিকে অবৈধ বলে দাবি করছে। এ বিষয়ে আগামী ১৫ অক্টোবর শুনানি হওয়ার কথা রয়েছে। এমনকি কিছু রিপাবলিকান নেতাও এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। সিনেটের বরাদ্দ কমিটির প্রধান সুসান কলিন্স মন্তব্য করেন যে, ফেডারেল কর্মীদের বেতন পাওয়ার চেয়েও গুরুত্বপূর্ণ হলো, জনগণের জন্য তাদের কাজ অপরিহার্য।
রিপোর্টারের নাম 





















