শরীয়তপুরের ডামুড্যা পৌরসভা জামায়াতে ইসলামীর আমির ও মেয়র পদপ্রার্থী আতিকুর রহমান কবির বেপারীর উদ্যোগে তরুণ ও যুব প্রজন্মকে মাদক, জুয়া এবং মোবাইল আসক্তির মতো সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা হচ্ছে। এ লক্ষ্যে বিভিন্ন ক্রীড়া ক্লাব, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের মাঝে ধারাবাহিকভাবে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হচ্ছে।
শনিবার দুপুরে ডামুড্যা পৌরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের কুলকুড়ি বালুর মাঠে তরুণ ও যুবকদের হাতে ফুটবল, খেলার সামগ্রী ও জার্সি তুলে দেন। এ সময় ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম বাচ্চু, ৫ নম্বর ওয়ার্ডের কবির ছৈয়াল, জামায়াত নেতা মোজাম্মেল বেপারী, আবুল হোসেন সরদার, জলিল মাঝী, হাবিবুল্লাহ ও হাফেজ মোদাচ্ছেরসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্রীড়া সামগ্রী বিতরণকালে আতিকুর রহমান কবির বেপারী বলেন, “তরুণ প্রজন্মের সুস্থ দেহ ও সুন্দর মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। বর্তমান সময়ে অনেক তরুণ মাদক ও মোবাইল গেমের আসক্তির ঝুঁকিতে রয়েছে। তাদের মাঠমুখী করতে এবং স্বাস্থ্যকর জীবনধারায় অভ্যস্ত করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা চাই তারা খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে দৃঢ় এবং পড়াশোনায় আরও মনোযোগী হয়ে উঠুক।”
স্থানীয় ক্রীড়াপ্রেমীরা মেয়র প্রার্থী আতিকুর রহমান কবির বেপারীর এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে বলেন, নিয়মিত ক্রীড়া সামগ্রী বিতরণের মাধ্যমে তরুণরা খেলার মাঠে ফিরবে। এতে উপজেলা থেকে প্রতিভাবান ফুটবলার ও ক্রিকেটার গড়ে উঠবে। পাশাপাশি তরুণ সমাজের মধ্যে খেলাধুলার সংস্কৃতি আরও বিকশিত হবে এবং সামাজিক অবক্ষয় রোধেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রিপোর্টারের নাম 
























