জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, বিশ্বজুড়ে তরুণ প্রজন্ম জেগে উঠছে এবং এটি জুলাই বিপ্লবেরই ধারাবাহিকতা। ভারতে আন্দোলনরত ছাত্র-তরুণদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এই আন্দোলন বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে এবং সরকারগুলো জনগণকে ভয় পেতে শুরু করেছে।
সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে এগারো দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই বিপ্লবের ফলে বিভিন্ন দেশে সরকারের পতন হয়েছে। আমরা আশা করেছিলাম, বাংলাদেশে নতুন সরকার জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল হবে এবং ছাত্র-তরুণদের প্রতি সহানুভুতিশীল হবে। কিন্তু দুঃখজনকভাবে, তারা জনগণের রায়কে অবজ্ঞা করছে। বিএনপি যদি জুলাই বিপ্লব, তরুণদের আন্দোলন এবং ১৪ শত শহিদের আত্মত্যাগকে ভুলে যায়, তবে এর পরিণাম তাদের ভোগ করতে হবে।
তিনি আরও বলেন, সংস্কার বনাম সংশোধনের বিতর্ক ঐকমত্য কমিশনে শেষ হয়েছে। সেসময় বিএনপি গণভোট ও সংস্কারে রাজি হয়েছিল। কিন্তু এখন তারা সংস্কার বুঝতে চায় না, অথচ তাদের একত্রিশ দফার সংস্কারের কথা বলা হয়েছে। কিছু বুদ্ধিজীবী সংশোধনের পক্ষে কথা বলছেন, কিন্তু দেশের মানুষ সংস্কারের জন্য জীবন দিয়েছে। বিএনপিও সংস্কারের মূলা ঝুলিয়ে গত সতেরো বছর ধরে আন্দোলন করেছে।
স্থানীয় সরকার নির্বাচনের আগে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ঢাকায় তীব্র গ্যাস সংকট, বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধি, এবং সবজির দাম দ্বিগুণেরও বেশি হয়েছে। তিনি অভিযোগ করেন, বিএনপি সকল প্রতিষ্ঠান দলীয়করণ করছে। সিলেটবাসীকে ঐক্যবদ্ধভাবে এগারো দলীয় জোটের সাথে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিভাগীয় সমাবেশ শেষে ঢাকায় পরবর্তী মহা-সমাবেশ থেকে বৃহত্তর কর্মসূচির ডাক আসবে।
রিপোর্টারের নাম 



















