একটি জ্ঞানভিত্তিক, সচেতন ও মানবিক সমাজ গঠনে বই পড়ার গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেছেন রংপুরের বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম। শনিবার সকালে বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের হলরুমে আয়োজিত বিভাগীয় পাঠক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে, গণগ্রন্থাগার অধিদপ্তর ও বিশ্বসাহিত্য কেন্দ্রের সহযোগিতায় দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পের আওতায় এই সমাবেশের আয়োজন করা হয়।
বিভাগীয় কমিশনার তার বক্তব্যে নতুন প্রজন্মকে বইমুখী করে তোলার ওপর জোর দেন। তিনি বলেন, সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। অভিভাবকদের উদ্দেশে তিনি কোমলমতি শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় তাদের বই পড়ায় উৎসাহিত করতে এবং মোবাইল ফোনের আসক্তি থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।
তিনি আরও বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেকে তথ্যসমৃদ্ধ, দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে নিয়মিত বই পড়ার বিকল্প নেই। জ্ঞান, সংস্কৃতি ও পাঠচর্চানির্ভর সমাজ গড়ে তুলতে গণগ্রন্থাগারকে কেন্দ্র করে নিয়মিত পাঠচক্র, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাহিত্যচর্চার কর্মকাণ্ড পরিচালনা করা প্রয়োজন। সৃজনশীল মেধার বিকাশ, জ্ঞান অর্জন এবং সাংস্কৃতিক মূল্যবোধ গঠনে নিয়মিত গ্রন্থাগারমুখী হওয়ার আহ্বান জানান শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, প্রযুক্তির কল্যাণে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের কারণে বিভিন্ন বয়সী মানুষের মধ্যে বই পড়ার অভ্যাস দিন দিন কমে যাচ্ছে। বই মানুষের চিন্তাশক্তিকে সমৃদ্ধ করে, মনোযোগ বৃদ্ধি করে এবং একাকীত্ব হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই ইতিবাচক জীবন গঠনে বই পড়ার গুরুত্ব উপলব্ধি করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন) ও দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পের প্রকল্প পরিচালক মু. বিল্লাল হোসেন খান এবং গণগ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক (উন্নয়ন ও আইসিটি) ডা. সঞ্জীব সূত্রধর।
রিপোর্টারের নাম 

























