জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম সরকারের প্রতি ‘কার্ড’ নির্ভর সহায়তা ব্যবস্থার পরিবর্তে প্রকৃত কর্মসংস্থান সৃষ্টির আহ্বান জানিয়েছেন। তিনি প্রশ্ন তোলেন, সরকারের দেওয়া বিভিন্ন ‘কার্ড’ বা সহায়তা প্রকৃত দুস্থ মানুষের কাছে পৌঁছাচ্ছে কিনা, নাকি দলীয় প্রভাবশালীদের হাতে চলে যাচ্ছে। অতীতেও সরকারি সুযোগ-সুবিধা দলীয় লোকদের হাতে চলে যাওয়ার নজির রয়েছে বলে তিনি অভিযোগ করেন।
শুক্রবার সন্ধ্যায় নেত্রকোনার মোহনগঞ্জ পৌরশহরের টেংগাপাড়া স্টেশন মাঠে আয়োজিত এক পথসভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন। তিনি বলেন, নেত্রকোনার হাওরাঞ্চলে বছরের প্রায় ছয় মাস পানি থাকে এবং যোগাযোগ ব্যবস্থা দুর্বল হওয়ায় অসুস্থ রোগীদের সময়মতো হাসপাতালে নেওয়া সম্ভব হয় না। অন্যদিকে, কৃষকরা ধানের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। বর্তমানে জেলেদের ৩০ কেজি করে চাল দেওয়া হচ্ছে, যা ‘জেলে কার্ড’ নামে পরিচিত। কিন্তু এই অল্প পরিমাণ চাল দিয়ে মানুষের জীবন-জীবিকা চলে না।
হাওরাঞ্চলকে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, নেত্রকোনা, সুনামগঞ্জ ও কিশোরগঞ্জের হাওরাঞ্চল নিয়ে সরকারের বিশেষ পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। পরিকল্পিতভাবে মৎস্যসম্পদ ও পর্যটন শিল্পের বিকাশ ঘটানো গেলে এই অঞ্চলের অর্থনীতি সমৃদ্ধ হবে এবং জাতীয় অর্থনীতিতেও বড় ভূমিকা রাখবে। তিনি সংসদে এই বিষয়গুলো উত্থাপনের আশ্বাস দেন। দেশের উন্নয়নে সঠিক পরিকল্পনার পাশাপাশি দুর্নীতি ও লুটপাট কমানোর ওপরও তিনি জোর দেন।
রিপোর্টারের নাম 




















