ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের তীব্র সমালোচনা করে বলেছেন, বর্তমান সরকার আন্দোলনরত শিক্ষার্থীদের ‘দেশের শত্রু’ হিসেবে গণ্য করছে। তিনি অভিযোগ করেন, সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের পরিবর্তে মোদি সরকার বারবার দমন-পীড়নের পথ বেছে নিচ্ছে।
সোনিয়া গান্ধী এক বিবৃতিতে বলেন, কৃষকদের অধিকার আন্দোলন থেকে শুরু করে সামাজিক কর্মীদের প্রতিবাদ—সবক্ষেত্রেই সরকার সহিংসতাকে হাতিয়ার করেছে। এবার তারা দেশের ভবিষ্যৎ প্রজন্মের ওপর রাষ্ট্রশক্তি প্রয়োগ করে এক ক্ষমার অযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি মনে করেন, শিক্ষার্থীদের এই প্রতিবাদ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি ভারতের ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা এবং সরকারের জবাবদিহিহীনতার ফল।
কংগ্রেসের এই সিনিয়র নেত্রী আরও উল্লেখ করেন যে, চিকিৎসক, প্রকৌশলী ও শিক্ষক হওয়ার স্বপ্ন দেখা তরুণদের ওপর এই নিষ্ঠুর আচরণ দেশের ভবিষ্যতের জন্য অশনিসংকেত। শিক্ষার্থীদের দাবি ও উদ্বেগ শোনার পরিবর্তে তাদের ওপর দমনমূলক শক্তি প্রয়োগ করা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলেও তিনি সতর্ক করেন।
রিপোর্টারের নাম 
























